বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, স্বাভাবিক নিয়মে ঋতুর পরিবর্তন ঘটলেও শীত কাল গরীব অসহায় মানুষের জন্য সিমাহীন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু সবাই যদি যার যার সামর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়ায় তাহলে সহজেই শীতার্তদের কষ্ট দূর করা সম্ভব।
আজ রাজধানীর এক মিলনায়তনে কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপি শীত বস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির আয়োজিত গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, জনগণের কষ্ট লাঘবের দায়িত্ব সরকারের। কিন্তু বরাবরই সরকার এসব গরীব অসহায়দের কষ্টকে পাশ কাটিয়ে গেছে। এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হয়না। কিন্তু সরকারের আশায় বিবেকবান মানুষেরা হাত গুটিয়ে বসে থাকতে পারেনা।
তিনি আরো বলেন, একজনের কষ্টে অন্য জনের হাত বাড়িয়ে দেয়া প্রত্যেকটি মুসলমানের ঈমানী দায়িত্ব। শীতার্তদের কষ্ট দূর করতে বৃত্তবান হওয়ার প্রয়োজন নেই।
সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ যদি যার যার সাধ্য অনুযায়ী তার পাশের শীতার্ত মানুষটির পাশে দাঁড়ায় তাহলে সহজেই শীতের কষ্ট লাঘব করা সম্ভব। সামর্থ থাকার পরও শীতার্তদের পাশ কাটিয়ে যাওয়া অমানবিক ও অবিবেচকের কাজ।
আবদুল জব্বার বলেন, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই ছাত্রশিবির প্রতিবছরের ন্যায় এবারও সপ্তাহ ব্যাপি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ঘোষনা করেছে। সারাদেশে একজন নেতাকর্মীও যেন এ কর্মসূচিতে অংশ গ্রহণ থেকে বিরত না থাকে সে দিকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে।
আমরা আশা করি এ কর্মসূচি এক দিকে যেমন শীতার্ত মানুষের একটি বিরাট অংশের শীতের কষ্ট দূর করবে তেমনি সমাজে অন্যান্যদের এ মহান কাজে অংশ গ্রহণের জন্য উৎসাহিত করবে।
উল্লেখ্য ‘আমাদের একটি উদ্যোগই কষ্ট লাঘবে সহযোগি হতে পারে শীতার্ত মানুষের’ এ স্লোগানকে সামনে রেখে সপ্তাহ ব্যাপি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ঘোষনা করেছে ছাত্রশিবির। ১ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি পালিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছেঃ
১. প্রত্যেক জনশক্তি কমপক্ষে ১ টি শীতবস্ত্রব বিতরণ করা।
২. এতিম, পথশিশু, ভিক্ষুক, ছিন্নমুল ও গরীবদের অগ্রাধিকার দেওয়া।
৩. উপশাখা/ ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা কার্যকর করা।
৪. সকল পর্যায়ে জনশক্তিদের নিজে বাস্তবায়ন করা ও সাধারন মানুষকে উদ্বুদ্ধ করা।
কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত, শিক্ষা সম্পাদক মোবারক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার।
এসএইচ





