১০ জানুয়ারি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, নতুন নির্বাচন নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে না আসা পর্যন্ত অবরোধ কর্মসূচী নিয়ে মাঠে থাকবে ২০ দলীয় জোট।

আর যতদিন অবরুদ্ধ থাকবে ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া ততদিনই চলবে অবরোধ। কারণ অবরোধ কোন ব্যক্তি বিশেষের জন্য নয়। গণতন্ত্র ও বর্তমান দুঃশাসনের কবল থেকে জাতিকে মুক্ত করার জন্যই অবরোধ।

আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের লড়াই সংগ্রামে জীবন্ত কিংবদন্তী। নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে সংগ্রাম করে বীরপ্রতীক উপাধি পেয়েছেন একজন বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরীকে অবৈধ শাসকদল গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডের নামে তার উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে রণাঙ্গনের সাহসী এই বীরমুক্তিযোদ্ধার নিঃশর্ত মুক্তি দাবি করেন। নেতৃবৃন্দ আরো বলেন দেশবাসী তাদের সর্বশক্তি নিয়ে রাজপথে ঝাপিয়ে পড়ছে।

অবৈধ সরকার দিশেহারা হয়ে আবোল তাবোল বক্তব্য বিবৃতি তুলে ধরে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু দেশপ্রেমিক সচেতন নাগরিক শেখ হাসিনা ও তার দলের ও অবৈধ সরকারের কোন আদেশ-নির্দেশ-বক্তব্য মানে না ও বিশ্বাস করে না।

প্রতারণার মধ্য দিয়ে যারা নিজেদেরকে টিকিয়ে রাখতে চাই তারা বেশীদিন টিকে থাকতে পারে না ।এই অবৈধ সরকারেরও মেয়াদ শেষ হয়ে গেছে। যেকোন মুহুর্তে জনগণের বিজয় যাত্রার শুভদিন শুরু হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া অবরুদ্ধ থেকেও দেশবাসীকে অবরোধ সফলভাবে পালন করার যে আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমরা দেশনেত্রীর এই আহ্বান কে চুড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য রাজপথে থেকেই সকল আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকবো এবং দেশবাসীও উপস্থিত থাকবেন বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

এসএইচ