প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী জিপিএ ৫ পাচ্ছে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো দূরের কথা পাসই করছে না। এর কারণ কি? মেধা কোথায়? আমি তো মেধা দেখতে পাচ্ছি না।

শনিবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের নবনির্মিত দ্বি-তল আইসিটি ভবন ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন শেষে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ এসব কথা বলেন।

শিক্ষার্থীদেরকে জ্ঞান অর্জনের পরামর্শ দিয়ে রওশন এরশাদ বলেন, শিক্ষিত মানুষ হচ্ছে আলোকিত মানুষ। শিক্ষা ছাড়া মনের আলো প্রজ্বলিত হয় না। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতিও করতে পারে না ।

জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রওশন বলেন, দলীয়ভাবে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে । তিনি বলেছেন, সরকার ও বিরোধী দল একমত না হলে দেশে উন্নয়ন সম্ভব নয়, এগিয়ে যাওয়াও যাবে না।

ময়মনসিংহ বিভাগ বিষয়ে তিনি বলেন, ময়মনসিংহকে বিভাগে উন্নীত করার বিষয়টি প্রক্রিয়াধীন। এ বছরই বিভাগ ঘোষণার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম ফয়জুল হক, জাতীয় পার্টির জেলি যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

পরে বেগম রওশন এরশাদ পরানগঞ্জ ২০ শয্যার হাসপাতাল পরিদর্শন করে চরাঞ্চলবাসী চিকিৎসা সেবার খোঁজ খবর নেন এবং হাসপাতালটিকে ২০ থেকে ৩০ শয্যার হাসপাতালে উন্নীত করে নানা সমস্যা নিরসনে উদ্যেগ গ্রহণ করবেন বলে চরাঞ্চলবাসীকে আশ্বস্ত করেন।

জেডআই