তেলসমৃদ্ধ উপসাগরীয় আরব দেশ কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহের ইন্তিকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় জামায়াতের আমির বলেন, “কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ এর ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার ইন্তিকালে কুয়েতের জনগণের পাশাপাশি বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত।”

“তার ইন্তিকালে মুসলিম উম্মাহ একজন অভিভাবককে হারালো। তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

তিনি বলেন, “বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা ও বাংলাদেশের জনগণের কল্যাণে তিনি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন। বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে মধ্যস্ততা ও মানবিকতার কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি মধ্যপ্রাচ্যসহ সমগ্র মুসলিম বিশ্বে একজন সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে পরিচিত।”

ডা. শফিকুর রহমান বলেন, “মহান রাব্বুল আলামীন তার সকল খেদমত কবুল করে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি কুয়েতের জনগণ, নতুন আমীর, তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।” প্রেস বিজ্ঞপ্তি

এমবি