২০ দলীয় জোটের ডাকা অবোরোধ ও হরতালের সমর্থনে নাশকতার আশংকায় দেশব্যাপী চলছে ব্যাপক ধরপাকড় ও গ্রেফতার অভিযান। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বহু লোককে গ্রেফতার করে পুলিশ।
বিভিন্ন স্থানে গ্রেফতারকৃতরা হলেন:
খুলনা: খুলনা মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৮ জনসহ ৪০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মহানগরীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতদের মধ্যে বিভিন্ন মামলার আসামি রয়েছেন ৩২ জন এবং বিএনপির ৬ ও জামায়াতের ২ কর্মী।
নড়াইল: নড়াইলে বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মীসহ বিভিন্ন অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে সদরে ১৩, লোহাগড়া ও কালিয়ায় ছয়জন করে এবং নড়াগাতিতে চারজন।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, হরতালে নাশকতার আশঙ্কায় জামায়াত-বিএনপির ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযোগে ও মামলার এজাহারভুক্ত ২৩ জনকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা: কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২৭ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নাশকতা রোধে এদের গ্রেফতার করা হয়েছে। তাদের সবার নামে জেলার বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।
সুনামগঞ্জ: সুনামগঞ্জে অবরোধে নাশকতার অভিযোগে জামায়াত ও বিএনপির সাত কর্মী সমর্থকসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা রোধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার বাহুবল, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাটসহ বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান পরিচালনা করছে। বুধবার দিবাগত রাত থেকে এই অভিযান শুরু হয়। অভিযানের শুরুতেই জেলার বাহুবল উপজেলার নানাস্থান থেকে ২০ জনকে আটক করার খবর পাওয়া গেছে।
আটককৃতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সালেহ আহমদ, সুলতান আহমদ ও আব্দুল আওয়াল। তাৎক্ষণিক বাকিদের নাম পরিচয় সংগ্রহ করা যায়নি।
চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে বিএনপি জামায়াতে ১৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত থাকার দায়ে চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, সাতকানিয়া, চন্দনাইশ, মিরসরাই, সীতাকুন্ড এবং লোহাগাড়া উপজেলা থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
কুষ্টিয়া: কুষ্টিয়ায় নাশকতা রোধে বিএনপি-জামায়াতে ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ২০ দলীয় জোটের খুলনা বিভাগে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা মজমপুর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের ঘিরে রাখে পুলিশ।
মাগুরা: মাগুরায় হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মাগুরা সদর, শালিখা ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
সদর থানার পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলেন, রামনগরের রিয়াজ উদ্দিন, ভায়নার আনোয়ার শেখ, সাতদোহার আকাশ মল্লিক, পারলার পাভেল মল্লিক, আলমগীর হোসেন, অনিক মল্লিক, সুমন শেখ।
শালিখা থানায় বিএনপি-জামায়াতের গ্রেফতারকৃত হলেন বাকলবাড়িয়ার সীমান্ত কুণ্ডু। মহম্মদপুর থানায় বিএনপি-জামায়াতের গ্রেফতারকৃতরা হচ্ছেন সিরগ্রামের আবু বক্কর, সিদ্দিক ও সুমন মিয়া।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ওই ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
গাজীপুর: হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে গাজীপুরে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ১১ কর্মীকে আটক করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম জানা যায়নি।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সূত্রে জানা গেছে, গাজীপুরে জয়দেবপুর থানা এলাকা থেকে নয়জন, কালিয়াকৈর থানা এলাকা থেকে একজন এবং শ্রীপুর থানা এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১০ জন বিএনপি এবং একজন জামায়াতের কর্মী।
এমকে





