আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে জঙ্গি দমনে প্রসংশিত হয়েছেন। অথচ পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তমনা লেখক অভিজিৎকে হত্যা করে খুনীরা প্রমাণ করতে চেয়েছে এদেশে এখনো জঙ্গি আছে।
স্বাধীনতার পরও এই রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল অনেকেই। কিন্তু তারা টিকতে পারেনি। আশা করি বর্তমানের এই বিশৃঙ্খলাকারীরাও টিকতে পারবে না।
রোববার দুপুরে রাজধানীর সোনাগাঁও হোটেলে চীনের রাষ্ট্রদূত মা মিংকইয়ানকে সাম্যবাদী দলের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা ছাত্র রজানীতি করেছি। তখন হরতালের আগে শ্লোগান দিতাম গাড়ি ঘোড়া চলবে না, দোকান পাট খুলবে না। অথচ এখন হরতালে গাড়ি চলে। বরং স্বাভাবিক দিনের তুলুনায় আরো বেশি।
তিনি আরও বলেন, কোথাও কোনো হরতাল হচ্ছে না। শুধু আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট করার জন্যই খালেদা জিয়া আজকের হরতাল দিচ্ছেন।
জেএ





