আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল সফলের আহবান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।
দলের আমির মকবুল আহমাদ এবং সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ আটক সকল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে এ হরতালের ডাক দিয়েছে জামায়াত।
এর আগে আজ বুধবার হরতালের সমর্থনে আজ সকাল ১০টায় মিছিল করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মালিবাগ মৌচাকে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সভায় নেতৃবৃন্দ বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অপরাজনীতি, গ্রেফতার ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আমীরে জামায়াত বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা মকবুল আহমাদ এবং সেক্রেটারি জেনারেল বরেণ্য চিকিৎসক ডা. শফিকুর রহমান, সাবেক এমপি নায়েবে আমীর মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করেছে।
জনগণ সরকারের এ ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হতে দেবে না। নেতৃবৃন্দ অবিলম্বে আমীরে জামায়াত সহ সকল নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সৃষ্ট পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহণ করতে হবে বলে মন্তব্য করেন।
নেতৃবৃন্দ বলেন, সরকার ৫ জানুয়ারির তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবর দখল করে এখন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে। জনগণ গতবারেও সরকারের পাতানো ও ষড়যন্ত্রের নির্বাচন স্বতঃস্ফূর্ত ভাবে বর্জন করেছে। কথিত নির্বাচনের মাধ্যমে সরকার দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। তামাশার নির্বাচন দেশীয় ও আন্তর্জাতিক কোন মহলেই গ্রহণযোগ্যতা পায়নি। আবারও সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে একপাক্ষিক ও তামাশায় পরিণত করার জন্য জনমতকে বিভ্রান্ত ও বিরোধী দলকে নির্মূল করার পথ বেছে নিয়েছে।
নেতৃবৃন্দ আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপি সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল শান্তিপূর্ণ ভাবে সফল করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন- মহানগরী কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, কামাল হোসেন, মহানগরী শূরা সদস্য আমিনুর রহমান, মতিউর রহমান, মাহবুবুর রহমান, বাহার উদ্দিন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আশরাফুল আলম ইমন, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি ছাত্রনেতা সোহেল রানা মিঠু, ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি ছাত্রনেতা তোফাজ্জল হোসেন, জামায়াত মতিঝিল থানা সেক্রেটারি মুতাসিম বিল্লাহ, রমনা দক্ষিণ থানা সেক্রেটারি আব্দুস সাত্তার সুমন ছাত্রনেতা যোবায়ের প্রমূখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।
এমবি





