করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে আব্দুল মতিন খসরুর মুঠোফোনে কল দিলে তিনি গণমাধ্যমকে বলেন, “আমার শরীরের অবস্থা খুব বেশি ভালোও না, খারাপও না। সবাই আমার জন্য দোয়া করবেন।”

গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই দিনই তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। গত রোববার রাত ১২টার দিকে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

আব্দুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো: মহিন জানান, অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর শারীরিক অবস্থা ভালো আছে। তাঁর অক্সিজেন লেভেল ঠিক আছে। তবে শরীরে সোডিয়ামের মাত্রা কিছুটা কমে গেছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গত ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি কুমিল্লা-৫ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এমবি