এরশাদ বিশ্বাসঘাতক এবং বিশ্ববেহায়া। কখনও তার জাতীয় পার্টিতে স্থান হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।
শনিবার বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলানয়তনে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার সমালোচনা করে জাফর বলেন, নীতিগত কারণে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহায়তা করেনি। ভারতের স্বার্থেই তারা আমাদের সহায়তা করেছে।
তিনি আরও বলেন, ভারত ইচ্ছা করলেই এদেশে আধিপত্য বিস্তার করতে পারবে না। শেখ হাসিনা ভারত আসার ১১ দিনের মাথায় জিয়া কিভাবে খুন হয়েছিলেন ইতিহাসবিদরা সেটা বের করবে।
মুক্তিযুদ্ধের স্বপ্নদ্রষ্টা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আর শেখ মুজিব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল-নোমান, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, আহসান হাবীব লিংকনসহ অনেকে।
ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর