শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়ে এক যৌথ সভায় এরশাদ এ মন্তব্য করেন।
যৌথসভাও বর্জন করেছেন রওশন এরশাদ ও তার অনুসারীরা। নেতাকর্মীদের উদ্দেশ্যে এরশাদ বলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাদের পরিস্থিতি কি হয় আপনারা দেখুন।
তিনি বলেন, জাতীয় পার্টিকে নিঃশেষ করার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু জাতীয় পার্টি শেষ হয়নি। আমাদের সামনে কঠিন মুহূর্ত। এ পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে।
তিনি বলেন, অতীতকে ভুলেই সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি প্রায় মৃত ছিল। বিরোধী দলীয় নেতা রওশনকে ইঙ্গিত করে এরশাদ বলেন, যারা আমার মতো বয়জ্যেষ্ঠ তারা নেতৃত্ব ছেড়ে নতুন প্রজন্মকে আসতে দিন।
তিনি বলেন, আজকের এই প্রোগ্রাম বন্ধ করে দেয়ার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। ফোন করে না আসার জন্য সবাইকে হুমকি দেয়া হয়েছে। কিন্তু সেই হুমকি উপেক্ষা করে সবাই এখানে এসেছে।
এরশাদ বলেন, আমি যোগ্য হিসেবেই জিএম কাদেরকে উত্তরসূরি নির্বাচিত করেছি। আমার বিশ্বাস, আমার অনুপস্থিতিতে সে দলের হাল ধরতে পারবে। এ সময় এরশাদ ছোটভাইয়ের বিভিন্ন গুণের কথা উল্লেখ করে তার প্রশংসা করেন।
এমই





