বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার আইন প্রণয়নের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরীর আহবায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

এদিকে ২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাবের আশেপাশে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে। কয়েক প্লাটুন পুলিশ, দুটি এপিসি (আর্মড পার্সোনাল ক্যারিয়ার) এবং সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে সমাবেশে আসতে বা প্রেসক্লাবে প্রবেশ করতে কাউকে বাঁধা দেয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু প্রেসক্লাবের সামনের রাস্তায় কোনো নেতাকর্মীকে দাঁড়াতে দিচ্ছে না আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন।

উল্লেখ্য রাজধানীর ১৫টি স্পটে এই প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল। তবে প্রশাসনের অনুমতি না পাওয়ায় অবশেষে প্রেসক্লাবে সমাবেশের সিদ্ধান্ত হয়।

ঢাকা, এমএইচ, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম