বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার ৩৫ বছরে পা দিচ্ছে। ১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের অঙ্গ সংগঠন হিসেবে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

দলীয় সূত্র জানা যায়, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন বিশদলীয় জোটের পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ থাকায় ওই দিনে কোনো অনুষ্ঠান থাকছে না সংগঠনটির।

১৯৮০ সালের ১৯ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাজী সিরাজকে (বর্তমানে সংস্কারপন্থী হিসেবে দল থেকে বাদ পড়েছেন) আহবায়ক করে ২৩ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সংগঠন নামে একটি অঙ্গ সংগঠন গঠন করেন।

জিয়াউর রহমান এই সংগঠনের বিষয়ে বলেছিলেন, ‘সৎ নিষ্ঠাবান কর্মীদের সমন্বয়ে এই সংগঠনটি গড়ে তোলা হবে। এই সংগঠনের নেতাকর্মীরা দেশে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, মহামারীসহ যে কোনো জাতীয় দুর্যোগ ও দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় কাজ করবে। কোনো কাজেই তারা ব্যর্থ হবে না। অন্যরা যেখানে ব্যর্থ হবে স্বেচ্ছাসেবক সংগঠনের নেতাকর্মীরা সেখানে এগিয়ে যাবে।’

১৯ সেপ্টেম্বর ১৯৮৫ সালে ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক কাজী আসাদুজ্জামান আসাদকে আহবায়ক করে ২৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এরপর ১০ মার্চ ১৯৯৬ সালে রুহুল কবির রিজভীকে সভাপতি ও ফজলুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় নতুন কমিটি।

১১ অক্টোবর ২০০৯ সালে ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে সভাপতি ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরফত আলী সপুকে সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুকে সাংগঠনিক সম্পাদক করে বর্তমান কমিটি অনুমোদন করা হয়। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠিত হয় ২১ আগস্ট ২০১০ সালে।
১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বিএনপির জাতীয় কাউন্সিলে স্বেচ্ছাসেবক সংগঠনের নাম পরিবর্তন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামকরণ করা হয়।
‘৮৮, ৯৮, ২০০৮ এর বন্যা দুর্গত মানুষের পাশে থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মানুষকে সাহায্য ও সেবা করছে। বর্তমানে সংগঠনটি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, গ্রামীণ মানুষের মাঝে দেশজ ও ফলজ চারা বিতরণসহ নানাবিধ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সারাদেশে ৬৫টিরও বেশি জেলায় নতুন কমিটি গঠন করে। কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত সারাদেশে ২১ সাংগঠনিক দলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাবু জানান, এছাড়া সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর আগামী ২৪ আগস্ট রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র নেতারা।

এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে জেলা, মহানগরী, উপজেলা ও থানাগুলোতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা করে স্বেচ্ছাসেবক দল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেল।

সংগঠন সূত্রে জানা যায়, সভায় সংগঠনের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি ১৯ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যাণে প্রতিবাদ সমাবেশ সফল করতে দলের প্রত্যেককে আহ্বান জানান তিনি।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে একটি আদর্শিক সংগঠনে পরিণত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছি।’

সোহেল বলেন, ‘দেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে রক্ষা, দেশের গণতন্ত্র, বিচারবিভাগকে দলীয় হস্তক্ষেপমুক্ত করাসহ চলমান নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ের মাধ্যমে জনগণের ভোটের অধিকার রক্ষাই হচ্ছে ৩৪তম প্রতিষ্ঠাবাষির্কীতে আমাদের অঙ্গীকার।’ৱ

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই