আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বেগম খালেদা জিয়া জামায়াতকে নিয়ে আবারো ষড়যন্ত্র করছেন। ওই স্বাধীনতা বিরোধীরা আবার ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, আজকে অনেকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সাজেন। বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধুর অর্জন। এ কারণেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তারা বাংলাদেশটাকেই হত্যা করতে চেয়েছিল। আজকেও নানা ষড়যন্ত্র হচ্ছে। ওই যুদ্ধাপরাধী জামায়াত একাত্তরের যে অপরাধ করেছে তার জন্য আজ পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি। শেখ হাসিনা জীবনের ঝুকি নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করছেন।
কৃষক লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কৃষক লীগকে আরো শক্তিশালী করবেন। আপনাদের আরো ঐক্যদ্ধ হতে হবে। সকল সন্ত্রাস, নাশকতাকে আমরা নির্বাসনে দেব। আর এই শক্তি বলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।
সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর ত্যাগ ও কোরবানিই আজকে বাংলাদেশের স্বাধীনতা।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় হবে। ওই রায়ে আপনার শাস্তি হবে। আপনি ঐক্য চান। আপনি জামায়াতকে ছাড়েন। মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসেন। বাংলাদেশ গোলাম আজম, নিজামির বাংলাদেশ নয়। খুনি জিয়াউর রহমানের বাংলাদেশ নয়। বাংলাদেশ বঙ্গবন্ধুর।
কৃষক লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সংগঠিত থাকবেন। কৃষক লীগ থাকলে আবারো শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
সংগঠনের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুল হক রেজা প্রমুখ।
এমএ/ এআর





