ঋণ খেলাপির অভিযোগে টাঙ্গাইল- ৮ আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এছাড়াও মনোনয়নপত্র বাতিল হয়েছে আরও দুজনের। এরা হলেন—জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ মিয়া।
আজ বুধবার টাঙ্গাইল জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার যাচাই-বাছাই করে ওই তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
সৈয়দ মো. খুরশিদ আনোয়ার গণমাধ্যমকে জানান, কাদের সিদ্দিকী তাঁর মালিকানাধীন সোনার বাংলা প্রকৌশল সংস্থার চেয়ারম্যান হিসেবে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখায় ঋণখেলাপি আছেন। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইফরমেশন ব্যুরো থেকে নির্বাচন কমিশনকে এ তথ্য জানানো হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া আরেক প্রার্থী জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধেও ঋণখেলাপির অভিযোগ রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ মিয়া হলফনামায় স্বাক্ষর না করায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্রের কাগজপত্রে কিছু ত্রুটি থাকায় তা সংশোধনের জন্য জাতীয় পার্টির (মঞ্জু) প্রার্থী সাদেক সিদ্দিকীকে আজ বিকেল পর্যন্ত সময় দেয়া হয়েছে।
এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিয়া ও স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী।
আগামী ২৯ মার্চ এই নির্বাচন হবে। গত ২০ জানয়ারি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং কৃষি বিষয়ক সংসদীয় কমিটির সাবেক সভাপতি কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইলের সখীপুর সদরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান ১৯৮৬ সালে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৯ সালে উপ-নির্বাচনে, ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে একই দলের পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ// কেবি[/b]
রাজনীতি
কাদের সিদ্দিকীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল
ঋণ খেলাপির অভিযোগে টাঙ্গাইল- ৮ আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। আজ ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন





