বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গিয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

মির্জা ফখরুলের পারিবারিক সূত্রে জানা গেছে তার সিঙ্গাপুর যাত্রা নিয়মিত চিকিৎসার অংশ। এর আগে চলতি বছর ফেব্রুয়ারি মাসে গলার চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ১৪ মে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলার রক্তনালীতে ব্লক ধরা পড়ে। সে সময় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দেন।

ঢাকা,এমএইচ, ১আগস্ট (টাইমনিউজবিডি.কম)