জাতীয় পার্টির মহাসমাবেশে লোকসমাগম শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় পার্টির নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে আসছেন।
বেলা দুইটার মধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যাবে বলে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর থেকে সমাবেশস্থলে বিভিন্ন এলাকা থেকে দলটির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন।
এসমাবেশে বক্তব্য দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আরও বক্তব্য দেবেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য, ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতারা।
বিভিন্ন ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে মাঠ ও আশপাশের এলাকা। জাতীয় পার্টির নেতা-কর্মীর ছবিসংবলিত ব্যানার, পোস্টার দিয়ে সমাবেশের চারপাশে বর্ণিল করে সাজানো হয়েছে। মাইকে বক্তব্য দিয়ে দলটির নেতা-কর্মীদের স্বাগত জানানো হচ্ছে।
সকাল থেকেই গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করবেন শিল্পীরা। মঞ্চের সামনে ১০ হাজার চেয়ার দেওয়া হয়েছে নারীকর্মী ও ঢাকার বাইরে থেকে আসা কর্মীদের জন্য।
এএইচ





