বিএনপির সিটি করপোরেশন নির্বাচন বয়কট কৌশলের ব্যর্থতা বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের পাশে সাঈদ খোকনের প্রধান নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ড. আব্দুর রাজ্জাক। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমন্বয়ক।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপদফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

ড. আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচন খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মানুষ উচ্ছ্বাস নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। বিএনপি একটা রাজনৈতিক কৌশল হিসেবে এই সিটি নির্বাচনে অংশ নিয়েছিল। কোনো সৎ ইচ্ছা থেকে নির্বাচনে অংশ নেয়নি তারা।

কিন্তু এবারও তাদের সেই কৌশল ব্যর্থ হয়েছে। আর এই কৌশলে বিএনপি এবার পরাজিত হয়ে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

তিনি আরো বলেন, ‘তারা কোন দিকে যাচ্ছে, আমরা বুঝি না। আমি মনে করি, তারা ভুল বুঝে নির্বাচনে এসেছিল। তাই ভুল বুঝে নির্বাচন থেকে সরেও গেছে।’

তিনি বলেন, বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিত আউয়াল ১০টার দিকে বলেছেন নির্বাচন ভালো হচ্ছে। ফলাফলে আশাবাদী। আর চট্টগ্রামের মনজুর আলম বলেছেন, তিনি আর রাজনীতি করবেন না। উনি তো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলেননি।

কারণ সাধারণ মানুষ তো দূরের কথা, বিএনপির নেতা-কর্মীরাও তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি। তাদের পাশে ছিলেন না।

নির্বাচনে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটেছে। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি বলেও যোগ করেন তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এখন আমরা চূড়ান্ত ফলের অপেক্ষায় আছি। আশা করি, আমাদের সমর্থিত প্রার্থী সাঈদ খোকন ইলিশ মার্কায় জয়ী।’

এএইচ