সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘ সরকার গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে স্বাভাবিকভাবেই দেশে চরমপন্থার উত্থান হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘দেশের গণতন্ত্র ও ভোটের অধিকারের দাবিতে আন্দোলনরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খাবার বন্ধের মাধ্যমে তার জীবননাশের প্রচেষ্টা চালানো হচ্ছে।’
সোমবার দুপুরে আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাঁধা দেয়ার ঘটনায় আমরা অবিলম্বে জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করছি।’
তিনি আরো বলেন, ‘পুলিশ প্রধান খাবার নিয়ে অসত্য বিবৃতি দিয়েছেন। আমরা মনে করি পুলিশ প্রধানের এ বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর। এর মাধ্যমে পুরো বাহিনীকে হেয় করা হয়েছে।’
খন্দকার মাহবুব বলেন, ‘আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশ ও তার সঙ্গে নেতাকর্মীদের দেখা করার সুযোগ দেয়ার জন্য দাবি জানাচ্ছি।’
জেআই





