অবিলম্বে গাজাতে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার নয়াপল্টনে ২০ দলীয় জোটের মৌন মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান ফখরুল।
ইসরায়েলের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘অবিলম্বে গাজাতে হামলা বন্ধ করুন। বোমা হামলা বন্ধ করুন। তাদের অধিকৃত এলাকা ছেড়ে দিয়ে তাদের অধিকার ফিরিয়ে দেন।’
তিনি বলেন, ‘গাজার মানুষের সংগ্রাম হচ্ছে তাদের জমি ফিরে পাওয়ার সংগ্রাম। বাংলাদেশের মানুষ গাজার সংগ্রামের সাথে রয়েছে।’ স্বাধীন ভূখণ্ড ফিরে পাওয়ার এ সংগ্রামে তারা জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।
অন্যদিকে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আজকের এ মিছিল সরকারের বিরুদ্ধে নয়। ইসায়েলের হাতে নির্বিচারে ফিলিস্তিন নরনারী হত্যার প্রতিবাদে এ মিছিল। তাই মিছিলে কেউ স্লোগান দেবেন না। এ মিছিল হবে শাস্তিপূর্ণ এবং মৌন মিছিল।’
মির্জা ফখরুলের বক্তব্য শেষে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে মালিবাগের উদ্দেশ্যে রওয়ানা হয়। কোনো প্রকার স্লোগান ছাড়াই মিছিলে কালো পতাকা ও বিভিন্ন লেখা সংবলিত সিপ্ল্যাকার্ড প্রদর্শিত হয়। এসময় ২০জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারন জনগণ এ মিছিলে অংশ নেন।
ঢাকা,এমএইচ,১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম





