দুদক চেয়ারম্যান মো: বদিউজ্জামান দুর্নীতিবাজদের সতর্ক করে বলেন, আপনারা সতর্ক হোন আমরা কাজ শুরু করেছি। জনগণকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাব, আর থামবো না।
বুধবার সকালে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৪ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সাধারণ মানুষ দুর্নীতি করেনা, তারা ১৯৭১ সালে যুদ্ধ করেছিল। কিন্তু বর্তমান প্রভাবশালীদের অনেকে যুদ্ধ করেনি। যুদ্ধের মাঠে ময়দানে ছিলো না। কিন্তু এখন দুর্নীতির সাথে জড়িত। তাদের শেকড় অনেক গভীরে। তাই জনগণকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব এবং তাদের প্রতিরোধ করবো।
প্রতি বছরের মতো এবারও নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে শুরু হল ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৪’। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।’
কর্মসূচির মধ্যে রয়েছে বেলা সাড়ে ১২ টায় দুদক প্রধান কার্যালয়ে মিডিয়া সেন্টারে আলোকচিত্র/পোস্টার প্রদর্শনী। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দুদক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুদক মিডিয়া এওয়ার্ড-২০১৪ এর বিজয়ী সাংবাদিকবৃন্দের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
২৮ মার্চ শুক্রবার বাদজুমা ঢাকার জাতীয় মসজিদসহ সকল মসজিদে দুর্নীতি বিরোধী বয়ান এবং অন্যান্য উপাসনালয়ে দুর্নীতি বিরোধী বক্তব্য প্রদান।
২৯ মার্চ শনিবার দুপুর ১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা ও আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের ছাত্রছাত্রীদের সমন্বয়ে সমাবেশ, শপথ গ্রহণ অনুষ্ঠান, আলোচনা সভা ও গণসচেতনতা সৃষ্টি বিষয়ক দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান।
৩০ মার্চ রবিবার সকাল ১০ টায় র্যা লি ও মানববন্ধন, ৩১ মার্চ সোমবার সকাল সাড়ে ১০ টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও গণসচেতনতা সৃষ্টি বিষয়ক দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধান কার্যালয়ে “রাজনৈতিক ঐক্য ও জবাবদিহিতামূলক প্রশাসন দুর্নীতি দমন ও প্রতিরোধের প্রধান নিয়ামক” শীর্ষক সেমিনার।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
বর্তমান প্রভাবশালীদের অনেকেই মুক্তিযুদ্ধ করেনি: দুদক চেয়ারম্যান
দুদক চেয়ারম্যান মো: বদিউজ্জামান দুর্নীতিবাজদের সতর্ক করে বলেন, আপনারা সতর্ক হোন আমরা কাজ শুরু করেছি। জনগণকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাব, আর থামবো না।





