মানুষ এবং গণমাধ্যম জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে মনে করে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তাঁর দাবি, এ ইমেজ সংকটের কারণে পৌর নির্বাচনে তাদের ফল ভালো হয়নি।
এরশাদ বলেন, মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। তারা চায় দলটি ক্ষমতায় আসুক। কিন্তু ইমেজ সংকটের কারণে পৌর নির্বাচনে তাদের ফল ভালো হয়নি।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এরশাদ এসব কথা বলেন।
পৌর নির্বাচনে ভরাডুবির কারণে হিসেবে এরশাদ দুটি বিষয় উল্লেখ করেন। প্রথমত সব জায়গায় তাদের সংগঠন নেই আর দ্বিতীয়ত হলো ইমেজ সংকট।
খবরের কাগজগুলোতে এখনো বিএনপিকে বিরোধী দল হিসেবে উল্লেখ করা হয়, জাতীয় পার্টিকে নয়-এমনটা দাবি করে এরশাদ বলেন, জাতীয় পার্টি থেকে যাঁরা মন্ত্রী হয়েছেন তাঁরা যদি তাঁদের মন্ত্রিত্ব ছেড়ে দেন এবং তিনি নিজেও যদি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছেড়ে দেন তাহলে দলটি সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে।
এবারের পৌরসভা নির্বাচনে ৭৩টি পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থী ছিল। এর মধ্যে একটি মাত্র পৌরসভায় দলটি জয়ী হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, অনেক জায়গায় তাঁদের প্রার্থীকে ভয় দেখানো হয়েছে। প্রচার চালাতে দেওয়া হয়নি। পৌর নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেন তিনি।
এসএইচ





