জনসম্পৃক্ত বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আন্দোলনের প্রাথমিক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোট। কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিবাদ সমাবেশ, কালোপতাকা মিছিল ও দেশব্যাপী গণসংযোগ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির মধ্যে রয়েছে, গাজায় ইসরাইলী বর্বর হামলার প্রতিবাদে আগামী ১৬ আগস্ট শনিবার সারাদেশে কালোপতাকা মিছিল। ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল ৩টায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

তিনি বলেন, সোমবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করেছে জোট নেত্রী বেগম খালেদা জিয়া। পরে আজ (মঙ্গলবার) দুপুরে জোটের মহাসচিবরা বৈঠক করেছেন।

বর্তমান সরকার ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে আগামী ১৯ আগস্ট মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া একই দাবীতে সারাদেশে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হবে।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে ও সামগ্রিক বিষয়ে জনগনকে সচেতন করতে দেশব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হবে।

এসময় ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, এমএইচ, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর