জাতীয় পার্টি সংসদে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।
শনিবার সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, মন্ত্রিসভায় যোগ না দিলে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে পারত জাপা। তবে সংসদীয় কমিটিতে অংশ নেওয়ার কথা বলেছেন তিনি।
তিনি বলেন, ‘সরকারের সমালোচনা করা বিরোধী দলের কাজ। আমরা যেন সেটা করতে পারি। তাহলে সরকার ও জনগণের কল্যাণ হবে।’
তিনি আরো বলেন, ‘সরকারের সদস্য হিসেবে আমার দলের কিছু মন্ত্রী আছেন। তারপরও দায়িত্ব যেহেতু নিয়েছি তা যথাযথভাবে পালন করবো এবং সরকারের ভুল ত্রুটির সমালোচনা করবো।’
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]