পবিত্র মক্কা নগরীতে মসজিদুল হারাম এ প্রচণ্ড মরুঝড়, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সময় ক্রেইন ভেঙ্গে পড়ে মসজিদের ছাদ ধসে কমপক্ষে ১০৭ জন হজ্জযাত্রী নিহত এবং ৪০ জন বাংলাদেশীসহ প্রায় আড়াইশত হজ্জযাত্রী আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, “হজ্জযাত্রীগণ আল্লাহর ঘরের মেহমান। মর্মান্তিক দুর্ঘটনায় তারা নিহত হওয়ায় আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের জান্নাতবাসী করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। নিহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আহত এবং সংশ্লিষ্ট দেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি যাতে তারা সুস্থ হয়ে হজ্জের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।”
এমকে





