জ্বালানী তেলের মূল্য কমানো হয়েছে। পরিবহনের ভাড়াও কমবে। এ ব্যাপারে সোমবার বিআরটিএ তে পরিবহণ নেতাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে বলেছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে আন্ডারপাস নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মন্ত্রী ওইসব কথা বলেন।

এসময় সড়ক ও জনপথের তত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক, গাজীপুর সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন ও আতিয়া তনি প্রমূখ উপস্থিত ছিলেন।

আমেরিকার জন কেরির বাংলাদেশের খুনের ব্যাপারে মন্তব্য নিয়ে তিনি বলেন, তার দেশেও হত্যাকান্ড হচ্ছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় ঘরে ঢুকে বাংলাদেশী এক দম্পতিকে হত্যা করলেও এ ব্যাপারে তার কোন মাথা ব্যাথা নেই, যতটা তিনি বাংলাদেশের কলাবাগানে একটি হত্যাকান্ড নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে ফোন করছেন।

তিনি আরো বলেন, আমাদের দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এসব ব্যাপারে সরকার নির্লিপ্ত থাকেনি। এসব ঘটনার তদন্ত শেষে বিচার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। আমি আশা করি অতি সম্প্রতি যেগুলো হয়েছে, সেগুলো অর্গানাইজড টার্গেটেড কিলিং। এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর । কোন হত্যাকারীকে, কোন খুনীকে ছাড় দেয়ার সুযোগ নেই।

কাদের সামনের ইউপি নির্বাচন নিয়ে বলেন, ওইসব নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য পার্টি থেকে সবাইকে বলা হয়েছে বাড়াবাড়ি না করার ও ধৈর্য ধারণ করার জন্য।

এমবি