খালেদা জিয়া বাংলাদেশকে পাকিস্তানের মত জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চান বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সোমবার (৩০মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গন্ধুর অবদান-সন্ত্রাস জঙ্গি তৎপরতা প্রতিরোধে কবিতা হোক হাতিয়ার’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিশ্ব কবিতা কংগ্রেস ও বিশ্ব বাঙালি সম্মেলন যৌথভাবে এই আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করে।
আ ক ম মোজাম্মেল হক বলেন, খালেদা জিয়া জানে হরতাল-অবরোধ ঠিকমত পালিত হচ্ছে না। কিন্তু তারপরেও তিনি রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করার জন্য হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর অনেকেই চেষ্টা করেছেন খলনায়ক থেকে মহানায়ক হতে। কিন্তু তারা ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হয়েছেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, একদিকে বলবেন এই সরকার অবৈধ আরেকদিকে বলবেন আলোচনা করতে, তা হয়না। সরকারকে বৈধ বলে মেনে নিন।
মন্ত্রী বলেন, ২০ দলীয় জোটের স্বাদের পাকিস্তান একটি জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্র। বাংলাদেশকেও পাকিস্তানের মত একটি জঙ্গি, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে ২০ দলের এই হরতাল-অবরোধ।
তিনি আরও বলেন, বাংলা ভাষায় ৩০-৩৫ কোটি মানুষ কথা বলে। এই সরকার বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
বিশ্ব কবিতা কংগ্রেসের আহ্বায়ক ও বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রমুখ।
এমএ/কেএইচ





