বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বের হওয়ার উদ্দেশ্য গাড়িতে উঠেছেন। গাড়ির চারদিকে মহিলা দলের নেতা-কর্মীরা কালো পতাকা হাতে স্লোগান দিচ্ছেন।
সোমবার বিকাল পৌনে তিনটায় তিনি গাড়িতে উঠেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত খালেদা জিয়া গুলশান কার্যালয়ের প্রধান ফটকের বাইরে বের হতে পারেননি।
সকালে এই ফটকের বাইরে থেকে পুলিশের ঝুলানো তালা এখনো খুলে দেয়া হয়নি। বেগম জিয়ার গাড়িকে ঘিরে ক্ষুব্ধ নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন।
এসময় চেয়ারপার্সনের সহকারী শিমুল বিশ্বাস বলেন, গণতন্ত্রের সংগ্রাম চলবে। এ সংগ্রাম চালিয়ে যেতে সকলকে আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া।
এ সরকারকে পাগলা সরকার বলে মন্তব্য করেন তিনি।
এর আগে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। এমনটাই দাবি করেছে বিএনপি'র চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্যরা।
দু'দিন ধরে এ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিতে যোগ দিতে বের হওয়ার জন্য প্রস্তুতির খবর পাওয়ার পরে এ ঘটনা ঘটে।
এর আগে কেবল ভেতর থেকে বন্ধ ছিল মূল ফটকের গেইট, আর বাইরে কয়েক স্তরের পুলিশি বেষ্টনী ছিল।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, ভোরে উঠে ফজরের নামাজের পর কিছুক্ষণ পায়চারী করার পর নাস্তার জন্য অপেক্ষা করছেন।
সূত্র আরও জানায়, খালেদা জিয়া আজকের কর্মসূচিতে যেকোনো সময় বের হওয়ার জন্য নিরাপত্তাকর্মী ও ব্যক্তিগত কর্মকর্তাদের প্রস্তুত থাকতে বলেছেন।
তবে বের হয়ে তিনি কোথায় বা কোন স্থানের সমাবেশে যোগ দিবেন তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে তিনি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অথবা অন্য কোনো স্থানের সমাবেশে যোগ দিতে পারেন।
এদিকে রোববার মধ্যরাত থেকেই খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের মূল ফটকের সামনে ৬টি বালু-ইট ভর্তি ট্রাক এবং পরবর্তীতে আরও ৬টি মোট ১২ ট্রাক রাখা হয়েছে।
অন্যদিকে বাসার আশপাশের এলাকা ঘিরে প্রতিটি প্রবেশ পথের মুখে বালু-ইট ভর্তি ট্রাক রাখা হয়েছে।
এমএইচ/ এএইচ





