জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারেও যাননি।
খালেদা জিয়াসহ দলের নেতাদের আশঙ্কা, শ্রদ্ধা জানানোর জন্য কার্যালয় থেকে বের হলেই তাকে আর সেখানে প্রবেশ করতে দেয়া হবে না।
আজ বুধবার দলীয় সূত্রে এমনটাই জানা গেছে।
উল্লেখ্য, এর আগে এক বিবৃতিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলের কর্মসূচির কথা জানানো হয়। একইসঙ্গে ওইদিন সকাল আটটায় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং দশটায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা উল্লেখ করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। দিবসটি উপলক্ষে ২৪ মার্চ জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা হবে। এতে রণাঙ্গণের মুক্তিযোদ্ধা ও বরেণ্য বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি থেকে নিজের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অবরুদ্ধ এবং পরে স্বেচ্ছায় অবস্থান করছেন তিনি।
গত ৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সেখান থেকেই দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছেন তিনি।
এসএইচ





