জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের নীরপেক্ষতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে। সরকারকে এই সন্দেহ দূর করতে হবে। প্রয়োজনে নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে। এর আগে দেশে যতগুলো নির্বাচন হয়েছে, সবনির্বাচন নিয়ে অভিযোগ রয়েছে। একটি নির্বাচনও সুষ্ঠু হয়েছে- কেউ বলেননি।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন হলে শনিবার বিকালে জাতীয় পার্র্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় তিনি সিটি নির্বাচনে তার মনোনীত দুই প্রার্থীর জন্য কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ঢাকা সিটি যার, দেশের রাজনীতি তার। সিটি নির্বাচন আদৌ হবে কিনা- তা নিয়েও সংশয় প্রকাশ করেন এরশাদ।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠনেতা ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ও প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ঢাকা উত্তরের সেক্রেটারি ও মেয়রপ্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল, দক্ষিণের সেক্রেটারি জহিরুল আলম রুবেল প্রমুখ।

এমকে