দেশে জনগণের অধিকার আদায়ের যে আন্দোলন চলছে, তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘদিন সিঙ্গাপুর ও যুক্তরাস্ট্রে চিকিৎসা শেষে সোমবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
সোমবার রাত ১০টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুণ:প্রতিষ্ঠার লড়াই চলছে। সেই আন্দোলনে জনগণের বিজয় হবেই।
বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, বিএনপি নেতা ইমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এর আগে গত ২৬ জুলাই তিনি ঢাকা থেকে সিঙ্গাপুর যান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সস্ত্রীক নিউইয়র্কে যান বিএনপির এই নেতা। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সেখান থেকে পুনরায় গত সিঙ্গাপুরে যান তিনি।
এমএইচ





