রাজধানীর রামপুরার হাজীপাড়ায় দোতলা টিনসেড বস্তিঘর দেবে গিয়ে ১২ জন মারা যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ শোক প্রকাশ জানান।
তিনি বলেন, বুধবার রামপুরার হাজীপাড়া এলাকায় ঝিলের ওপর তৈরি একটি দোতলা টিনসেড বস্তিঘর দেবে গিয়ে একই পরিবারের তিনজনসহ ১২ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।
আশা করছি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেবে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণসহ সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
জেএ





