নানা অপকর্ম করেও আওয়ামী লীগ সন্তুষ্ট হয়নি। তাই বিচারকদের অভিশংসনকে তারা সংসদে নিয়ে আসছে। তারা যে অপকর্মগুলো করেছে ভবিষ্যতে তার যাতে বিচার না হয় তাই তারা অভিশংসনকে সংসদে নিচ্ছে বলে মন্তব্য করেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার রাত ৯টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগীয় উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাদের অপকর্মের কারণেই আজ দেশের এ অবস্থা। তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। তারা এসেছে ভাগ ভাটোয়ারার মধ্য দিয়ে। আমাদেরও বলেছে নির্বাচনে আসতে।

আমরা আসিনি। কারণ বিএনপি ভাগ বাটোয়ারায় বিশ্বাস করেনা। আমরা আসিনি বলে তারা ভাগ বাটোয়ারার মাধ্যমে নিজেদের ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে নিয়েছে। ১৫১ জন হলেইতো সংখ্যাগরিষ্ট হয়। তারা আরও বেশি নিয়ে নিয়েছে। কারণ তারা লোভী। জনগণ তা জানে।

খালেদা জিয়া বলেন, দেশে গণতন্ত্র নেই। আসলে আওয়ামী লীগ মানুষের মুখ বন্ধ করে রাখতে চায়। কারণ তারা অপকর্ম করলে মানুষ তা বলবে। এজন্যই তারা তথ্য অধিকার আইনের নামে পেপার পত্রিকা বন্ধ করে দিতে চায়। টিভি বন্ধ করে দিতে চায়। যাতে কেউ তাদের বিরুদ্ধে কিছু বলতে না পারে।

তিনি আরও বলেন, অতীতেও তারা বাকশালের নামে ৪টি পত্রিকা রেখে বাকি সবগুলো পত্রিকা বন্ধ করে দেয়। এখনো তারা তাই করতে চায়। কিন্তু জনগণ তা করতে দেবেনা।

খালেদা জিয়া বলেন, এ দেশে দুই রকমের আইন রয়েছে। আওয়ামী লীগের জন্য এক ধরনের আর বিরোধী দল ও সাধারণ মানুষের জন্য আরেক ধরনের আইন। টাকার বিনিময়ে তারা মানুষ খুন করছে।

ঢাকা,২৫ আগস্ট,টাইমনিউজবিডি.কম,এসআর