সুপ্রিম কোর্টের মূর্তি না সরালে হরতালের হুমকি দিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। দাবি না মানলে দেশের শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে হরতালসহ লাগাতার আন্দোলন কর্মসূচির দেওয়া হবে।

রোববার ( ২১ মে ) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আবদুল লতিফ নেজামী বলেন, দেশের নাগরিকদের পারস্পারিক শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য থেমিস দেবীর মূর্তি অপসারণ অপরিহার্য। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সুপ্রিম কোর্ট ন্যায়বিচারের প্রতীক হিসেবে থেমিস দেবীকে সম্মান প্রদর্শন করেছে। কল্পিত ন্যায়বিচারের দেবী বা লেডি অব জাস্টিস থেমিসের মূর্তি বসানোর কারণে দেশে বিতর্ক ও অস্থিরতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সরকার প্রধান পর্যন্ত ইতোমধ্যে এই মূর্তি স্থাপনের বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। দেশবাসী তার ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং তার বাস্তবায়ন দেখার প্রতীক্ষায় আছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, সহ-সভাপতি হাসানত আমিনী, রশিদ মজুমদার, যোবায়ের আমিনী ও জসিম উদ্দিন প্রমুখ।

এমই