জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়ার এই ঘরে ফেরা গণতন্ত্রে ফেরা নয়, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এখনও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত আছে।
শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই সিটি করপোরেশন নির্বাচনে অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে হালাল করার পথ হিসেবে ব্যবহার করছেন।
নির্বাচন কমিশন সকল প্রার্থীদের ক্ষেত্রে সমান সুযোগ দেবে, কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের রেহায় দেবে না সরকার। বেগম খালেদা জিয়ার সমর্থন নিয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা পোড়া মানুষের গন্ধ গায়ে মেখেছেন।
কামারুজ্জামানের ফাঁসি কার্যকর নিয়ে ইনু বলেন, রায় চূড়ান্ত হয়ে গেছে, আদালত তার কার্যক্রম সম্পন্ন করেছে। শেষ একটা বিচারিক ব্যবস্থা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করার বিষয়। সেকারণে কামারুজ্জামান সেই সুযোগটা পাচ্ছেন।
সর্বশেষ সুযোগটা কার্যকরী হওয়ার পরেই কেবল প্রশাসন আদালতের নির্দেশ কার্যকর করতে পারে। ধীর স্থিরভাবে আদালতের এবং আইনের সব পথ ও সিড়িগুলো অতিক্রম করে প্রশাসন আদালতের সিদ্ধান্ত কার্যক্রম করবে।
তথ্যমন্ত্রী আরো বলেন, ১৩০ এর অধিক যে মানুষগুলো আগুনে পুড়ে মারা গেছে, এই প্রত্যেকটা খুন বেগম জিয়ার নির্দেশে পরিকল্পিত হত্যাকাণ্ড। বেগম জিয়ার নামে এই ১৩০ এর অধিক খুনের মামলা তৈরি হচ্ছে। এসব মামলায় আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত তাদের কাজ করবে। বেগম খালেদা জিয়া কোন মামলা থেকেই রেহায় পাচ্ছেন না।
এই নির্বাচনের সুযোগ নিয়ে উনি দম ফেলার কৌশল নিয়েছেন। তবে মানুষ পুড়িয়ে হত্যার মামলা থেকে উনি রেহায় পাবেন না। বাংলাদেশের রাজনীতিতে আগুন সন্ত্রাসীরা থাকবে না। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ। পরে সার্কিট হাউজে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসএইচ





