বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু বিএনপি নেতাকর্মী নয় দেশের ১৬ কোটি মানুষ নির্যাতিত হচ্ছে। দেশের মানুষ গুম-খুন হচ্ছে। মানুষের সকল অধিকার হরণ করা হচ্ছে। দেশে গণতন্ত্র নেই। তাই জাতীয় ঐক্য সৃষ্টি করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

বুধবার বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।  দোয়া মাহফিলে মোনাজাত করেন ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নেসারুল হক।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে যে কঠিন সময় চলছে তা কেবলমাত্র বিএনপির নয়, এটা ১৬ কোটি জণগণের। নির্যাতন ভোগ করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সংগ্রাম এখনো অব্যহত রয়েছে। সারা দেশে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, খুন হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। এই সংকটে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য অটুট রাখা।

তিনি বলেন, জনগণের সব অধিকার হরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রাম করছি। আমরা সবাই অপেক্ষা আছি। আশা করি সুস্থ হয়ে তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন। খালেদা জিয়া সুস্থ্য হয়ে দেশে ফিরে এসে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দিবেন। তার সঠিক নেতৃত্বের কারণেই বিজয় সুনিশ্চিত হবে।

বিএনপির এই নেতা বলেন, আন্দোলন কখনও ব্যর্থ হয় না। গণতন্ত্রকামী মানুষ আন্দোলন করে নির্যাতন নীপিড়ন উপেক্ষা করে গণতন্ত্র ফিরিয়ে আনবে।

দোয়া মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আব্দুল হাই, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, ছাত্রদলের সহ সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ