বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শুধুমাত্র দলকে চাঙ্গা করার জন্যই সরকার বিরোধী বক্তব্য দেন।

মঙ্গলবার সংসদের মিডিয়া সেন্টারে দলটির আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পৌর নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের ওপর হামলার অভিযোগের কথা জানালে রওশন এরশাদ বলেন, ‘আমাদের প্রার্থীদের উপর কোথাও হামলা হয়নি। এতগুলো ইলেকট্রনিক মিডিয়া, এতগুলো সাংবাদিক, একটা খড়কুটো পড়েই আপনারা লিখে ফেলেন। আগে এত সাংবাদিক ছিল না, এত ইলেকট্রনিক মিডিয়াও ছিল না, এত খবর মানুষ জানতেই পারত না।’

তিনি বলেন, ‘আমাদের দেশে প্রায় ৪০টি চ্যানেল আছে। দশটি চ্যানেল হলেই চলত। আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গুণে দেখেছি প্রায় ৪০টি চ্যানেল আছে। এই যে এখানে কত চ্যানেল, কত সাংবাদিক। আপনারা খুঁজে খুঁজে নিউজ বের করেন।’

মিডিয়ার ভাল দিকও আছে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘অনেক সময় মনে হয় কম হলেই ভাল হতো। এখন অনেক খবর দ্রুত ছড়ায়। এতে মনে হয়, না ছড়ালেই ভাল হতো।’

‘আপনারা কিছু মনে করবেন না, যেহেতু আমাদের কর্মসংস্থান নেই, তাই এই দশা। কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে আপনারা এই পেশায় আসতেন না’, বলেন তিনি।

এ সময় সাংবাদিকরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলে রওশন বলেন, ‘না আমি এভাবে কথা বলিনি। খালি সাংবাদিকরা না। সাংবাদিকতা ভাল জব। আমাদের ছেলেপেলেরা কাজ পাচ্ছে না। না পাওয়ায় ড্রাগ খাচ্ছে, এটা করছে সেটা করছে।’

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসনের মন্তব্যের সমালোচনা করে রওশন এরশাদ বলেন, ‘এত দিন পরে শহীদের প্রশ্ন তুললে আমাদের অস্তিত্ব থাকবে না। একটা সেন্টিমেন্টাল ইস্যু নিয়ে এমন কথা বলা দুঃখজনক। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়।’

 

 

সম্প্রতি এরশাদ বলেছিলেন, ১৫০ পৌরসাভায় প্রার্থী দিয়েছে, কিন্তু সরকারি দলের লোকজনের চাপে অর্ধেক প্রার্থী বসে গিয়েছে এমন এক প্রশ্নে রওশন এরশাদ বলেন, তিনি (এরশাদ) দলকে চাঙ্গা করার জন্য এসব কথা বলে থাকেন।

এরশাদ নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলে যে অভিযোগ তুলেছেন তার জবাবে রওশন সাংবাদিকদের বলেন, এ নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষ, এরশাদের এমন কথা শুধুমাত্র দলকে চাঙ্গা করার জন্য বলেছেন।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম এমপি, ইয়াহিয়া চৌধুরী এমপি, মেরিনা রহমান এমপি ও অধ্যাপিকা রওশন আরা এমপি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে প্রধান অতিথির বক্তব্যে যখন এরশাদ এ অভিযোগগুলো করছিলেন ঠিক তখন রওশন এরশাদ বিশেষ অতিথির আসনে বসে হাত তালি দিয়ে এরশাদকে সমর্থন করেছিলেন।

এমএইচ