বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫৪টিতে বিনা প্রতিদ্বন্দীতায় এবং বাকি আসনগুলোতে একতরফা নির্বাচন সত্ত্বেও ৫ শতাংশের কম ভোট পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ (রোববার) দলের নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।  
এভাবে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ কিভাবে বলে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এবং এই ম্যান্ডেট নিয়েই আগামী ৫ বছর ক্ষমতায় থাকবে-এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল আরও বলেন এই সরকার অবৈধ সরকার।
আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রের বিপক্ষের ইতিহাস-এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সেই দল যারা ১৯৭৫ সালে মাত্র ১১ মিনিটে সংসদে একদলীয় বাকশাল কায়েমের বিল পাস করেছিল।
সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে মানুষের সমস্ত মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে এমন অভিযোগ এনে মির্জা ফখরুল আর বলেন, বিরোধী দলকে ঢাকা মহানগরের কোথাও কোন সমাবেশ করতে দেয়া হয় না। এমনকী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে নগরীর বিভিন্ন জায়গায় নির্মিত আলোচনা সভার মঞ্চ ভেঙ্গে দিয়েছে সরকার দলীয় ক্যাডাররা।
মির্জা ফখরুল বলেন, এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত কোন সরকার নয়। শেয়ারবাজার, হলমার্ক ও পদ্মাসেতু কেলেংকারীসহ অসংখ্য কেলেংকারীতে জড়িত এই সরকার। তিনি বলেন, জনগণের ম্যান্ডেটবিহীন এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।
[b]ঢাকা, ০১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]