বিএনপির উদ্যোগে তিস্তা অভিমুখে লংমার্চ ডালিয়া পয়েন্টের সমাবেশস্থলে পৌঁছেছে। বুধবার দুপুর ১২টায় লংমার্চটি বাংলাদেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ সংলগ্ন লালমনিরহাটের হাতীবান্ধায় দোয়ানী হেলিপ্যাড মাঠের সমাবেশস্থলে গিয়ে উপস্থিত হয়।
এ সমাবেশে বিএনপি’র যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও লংমার্চের সঙ্গে আগত বিএনপি ও ১৯ দলীয় জোটের জাতীয়  ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এরইমধ্যে জনসভাস্থল স্থানীয় বিএনপি ও ১৯ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পূর্ণ হয়ে গেছে। বিএনপি নেতারা আশা করছেন সমাবেশ কয়েক লাখের বেশি লোকের সমাগম ঘটবে।
মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর উত্তরা থেকে লংমার্চটি যাত্রা শুরু করে। এরপর সকাল সোয়া ১০টায় গাজীপুরের কালিয়াকৈরে ও সাড়ে ১১টায় টাঙ্গাইলের এলেঙ্গায় বাইপাস মোড়ে ও দুপুর সাড়ে ১২টায় সিরাজগঞ্জের কডডার মোড়ে পথসভা করে। এছাড়াও গাইবান্দার পলাশবাড়ী মোড়ে পথসভা করে রাতে রংপুরে অবস্থান করে।
[b]ঢাকা, এমএইচ ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]