বিএনপি’র যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেছেন, গতকাল (শুক্রবার) আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফ  বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় যে অশোভন ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।

শনিবার বেলা সাড়ে ১১টায় ২০ দলীয় জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি চেয়ারপার্সন ২০ দলীয় জোট প্রধান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার যে ঘোষণা দিয়েছেন ২০ দলের পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করা হচ্ছে।

এজন্য দেশবাসী, ২০ দলীয় জোটের নেতা-কর্মী ও গণতন্ত্রমনা প্রতিটি ব্যক্তি ও শক্তিকে এ আন্দোলনের কর্মসূচি নিজ নিজ এলাকায় সফল ভাবে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।

বেগম খালেদা জিয়া দেশের চলমান সংকট নিরসনের যে দিক-নির্দেশনা দিয়েছেন তা মেনে নিয়ে অচিরেই দেশের বিরাজমান সমস্যা নিরসনে আলোচনার উদ্যোগ গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

বুলু আরও বলেন, গত ১৯ ডিসেম্বর ২০১৩ তারিখে গণভবনে আওয়ামী লীগ নির্বাচন প্রস্ততি কমিটি ও দলের নেতৃবৃন্দের যৌথ সভায় সভানেত্রীর সূচনা বক্তব্যে শেখ হাসিনা নির্বাচনের পরেও আলোচনা অব্যাহত রাখার এবং সমঝোতা হলে সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের অঙ্গীকার করেছিলেন। সেদিন সকল টিভি চ্যানেলে এবং পরদিন সকল জাতীয় দৈনিকে সেই বক্তব্য প্রচারিত ও প্রকাশিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সেই অঙ্গীকারের কথাই তুলে ধরেছেন।

সেই অঙ্গীকার ভঙ্গ করে নতুন নির্বাচনের এমনকি সমঝোতার লক্ষ্যে আলোচনায় বসতেও আওয়ামী লীগ অস্বীকার করে চলেছে। জনাব হানিফ সেই অঙ্গীকারের কথাই এখন বেমালুম অস্বীকার করেছেন। আমরা এর নিন্দা জানিয়ে এ ধরনের বদ অভ্যাস থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এছাড়াও বিবৃতিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী অবরোধ পালনের পাশাপাশি গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেল-জুলুম, অন্যায় ভাবে রিমান্ডে নেয়া এবং বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার আশু মুক্তি দাবিতে আগামীকাল রবিবার ভোর ৬টা থেকে আগামী বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘন্টা অবিরাম হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

এমএইচ