ইসলামী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতিমুক্ত আদর্শ ন্যয়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়। তাই আদর্শ সমাজ প্রতিষ্ঠার স্বার্থেই বাংলাদেশে ইসলামী শিক্ষাব্যবস্থা কয়েম না হওয়া পর্যন্ত ইসলামী ছাত্রশিবির সংগ্রাম অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আতিকুর রহমান।

রোববার রাজধানীর একটি মিলনায়তনে ১৫ই আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শিবির সেক্রেটারি বলেন, সেদিন ইসলামী শিক্ষাব্যবস্থার পক্ষে যুক্তির কাছে পরাজিত হয়ে পথভ্রষ্ট সেক্যুলার সমাজতন্ত্রীরা হায়েনার মত ঝাঁপিয়ে পড়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মালেকের উপর। তারা ভেবেছিলো আব্দুল মালেককে শহীদ করতে পারলেই ইসলামী শিক্ষাব্যবস্থার পক্ষে কথা বলার মত আর কেউ থাকবে না। কিন্তু তাদের সেই দিবাস্বপ্ন আজ বুমেরাং হয়েছে। আজ সারাদেশে লক্ষ লক্ষ মালেক তৈরি হয়েছে।

তিনি বলেন, শহীদ আব্দুল মালেকের সেই স্বপ্ন একদিন এদেশে বাস্তবায়িত হবেই। তার সংগ্রামী চেতনাকে ধারন করে দুর্নীতিমুক্ত একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার স্বার্থে ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেকটি কর্মী আমৃত্যু প্রচেষ্টা অব্যাহত রাখবে।

আলোচনা শেষে ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ শহীদ আব্দুল মালেকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা কর্তৃক আয়োজিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোবারক হোসাইন।

এছাড়া শাখা সভাপতি তারিক হাসানের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান বিশ্বাস, শাখা সেক্রেটারি জামিল মাহমুদ, অফিস সম্পাদক মোহাম্মদ আইয়ুব প্রমুখ।

এমআর