সারাদেশে সিরিজ বোমা হামলা করে বিচারকসহ ৩৫ জনকে হত্যার ঘটনায় খালেদা জিয়া, নিজামী, বাবর ও মুফতি হান্নানের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় গণতান্ত্রিক লীগ ও বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের আয়োজনে রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি ব্লগার কবির চৌধুরী তন্ময়, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশেনের মহিলা সম্পাদক শৈলী পারভিন প্রমুখ।

বক্তারা বলেন, খালেদা, নিজামী ও বাবরের চক্রান্তে দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করেছিল তৎকালীন সরকার। আর তার অংশ হিসেবেই জেএমবিকে দিয়ে সারাদেশে তারা বোমা হামলা চালায়। জেএমবির কয়েকজন জঙ্গির ফাঁসি হলেও যারা চক্রান্তকারী তাদের এখনও কিছুই হয়নি।

বক্তারা বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। আমরা এ সরকারের কাছে দাবি করছি, যারা এ ঘটনার চক্রান্তে লিপ্ত ছিলেন, তাদেরও ফাঁসি দেওয়া হোক।

বক্তারা বলেন, বর্তমানেও বিএনপি-জামায়াত জোট দেশে জঙ্গিদের মদদ দিয়ে যাচ্ছে। তাদের মদদে জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সরকারবিরোধী নানা অপতৎপরতায় লিপ্ত হচ্ছে।

জঙ্গিবাদ সমূলে উৎপাটনের জন্য মদদদাতাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা।

২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের সময়ে নিষিদ্ধ হওয়া জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ (জেএমবি) সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায়। নিষিদ্ধ এ সংগঠনের একের পর এক বোমা হামলায় বিচারকসহ ৩৫ জন প্রাণ হারান।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ