বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মধ্যবর্তী নির্বাচনে এ সরকারকে বাধ্য করা হবে।
মঙ্গলবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি জনগণের অধিকার ফিরে পেতে এবং গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়ার ডাকে ঈদের পর আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে যোগ দেওয়ার আহবান জানান।
মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ দ্বিতীয় বারের মতো গণতন্ত্র হত্যা করেছে। এমন একটি সরকার আমাদের ওপর চেপে বসে আছে যারা জনগণের প্রতিনিধিত্ব করে না।
এ সরকার ভোটে নির্বাচিত সরকার নয় দাবি করে ফখরুল বলেন, আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতির কারণে জনগণ যখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু আওয়ামী লীগ সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৈমুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





