শ্রীলংকায় বোমা হামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স।
মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়ে কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (২১ এপ্রিল) রাতে পরিবারের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। খবর: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় গেছেন বেড়াতে। তারা উঠেছিলেন কলম্বোর পাঁচ তারকা একটি হোটেলে।
এর আগে ব্রুনেই সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়েছেন এবং নাতি জায়ান চৌধুরী নিখোঁজ হয়েছে।

শেখ সেলিমের পারিবারিক সূত্রে জানা গেছে, এরই মধ্যে পরিবারের সদস্যরা কলম্বোর উদ্দেশে রওয়ানা হয়েছেন।
রোববার ইস্টার সানডের প্রার্থনার মধ্যে শ্রীলংকার রাজধানী কলম্বো গির্জা ও হোটেল মিলিয়ে ৮টি স্থানে বোমা হামলার ঘটনা ঘটে।
রোববার সন্ধ্যায় ব্রুনাইয়ের বন্দর সেরি বেগাবানের এম্পায়ার হোটেল এন্ড কান্ট্রি ক্লাবের ইন্দেরা সামুদেরা বলরুমে ব্রুনাই দারুসসালামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের তাকে দেয়া এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
এসময় তিনি শ্রীলংকায় ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা এবং এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, শ্রীলংকায় ইস্টার সানডের প্রার্থনায় তিনটি চার্চ ও তিনটি হোটেলে ধারাবাহিক বোমা হামলায় অন্তত ২০৭ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে প্রায় ৫’শ জন।
এমবি





