কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল’সহ দলটির শীর্ষ নেতারা।
আজ (০৯ সেপ্টেম্বর) বেলা ২টা ৫৫ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করে।
এছাড়া, বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান।
এর আগে দলটির পক্ষ থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দেয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে সাক্ষাতের সময় দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গত ৭ সেপ্টেম্বর বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, দেশনেত্রী অত্যন্ত অসুস্থ। তার বাম হাত ও বাম পা প্রায় অবশ হয়ে গেছে। অসহ্য ব্যথা অনুভব করছেন তিনি। একই কথা তিনি গত ৫ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত আদালত কক্ষেও বলেছেন।
খালেদা জিয়ার কোনো চিকিৎসা হচ্ছে না দাবি করে মির্জা ফখরুল আরও বলেছিলেন, “আমরা অত্যন্ত উদ্বিগ্ন তার স্বাস্থ্য নিয়ে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে (খালেদা জিয়া) সাজানো মিথ্যা মামলায় শাস্তি দিয়ে কারাগারে বেআইনিভাবে আটক রেখে হত্যা করার হীনপ্রচেষ্টা চালাচ্ছে সরকার।”
এদিকে খালেদা জিয়ার চিকিৎসা বিশেষায়িত হাসপাতালে করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানানো হবে বলে রোববার সকালে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ -এর বিচারক ড. আখতারুজ্জামান। এই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অর্থদণ্ডও করা হয়।
রায়ের পর থেকে একমাত্র বন্দ হিসেবে বেগম খালেদা জিয়া রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন।
এমবি





