আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের যে প্রত্যাশা, তা পূরণে ব্যর্থ বিএনপি নেতারা নিজেদের অক্ষমতা আড়াল করতে পুরোনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকারও চায় দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এইসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির নেতারা এখন আর নতুন কোনো বক্তব্য না পেয়ে পুরোনো অভিযোগগুলোই বারবার নতুন করে বলছেন।
“জনগণও চায় একটি বিরোধীদল জনগণের চোখের ভাষা ও মনের ভাষা বুঝুক, যাদের রাজনৈতিক কর্মসূচি পালনের সক্ষমতা থাকবে” উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যারা জনগণের বিপদে-আপদে পাশে দাঁড়াবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সরকারের গঠণমূলক সমালোচনা করবে।
বিএনপিকে গুজব ও অপপ্রচার না চালিয়ে জনগণের পক্ষে কথা বলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “প্রকৃতপক্ষে বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব ভুলে গিয়ে বিএনপি এখন দায়িত্বহীন এক পরশ্রীকাতর দলে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের আশপাশে না গিয়ে এখন মিডিয়া আর ভার্চুয়াল জগতে বিচরণ করছে।
“অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিএনপি নেতারা এখন রাজনীতি নয়, অফিসিয়াল দায়িত্ব পালন করছেন” উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “ফরমায়েশি তথা নির্দেশিত হয়ে তাঁরা বক্তব্য বিবৃতি দিচ্ছেন, যার সঙ্গে দেশ ও জনগণের কোনো সম্পর্ক নেই।”
“সরকার জনগণের দুঃখ-দুর্দশা উপলব্ধি করতে পারে না”-বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “প্রকৃতপক্ষে দেশের মানুষ জানে, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সবার আগে যেকোনো দৈবদুর্বিপাকে জনমানুষের পাশে দাঁড়ায়।”
“বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে মিডিয়ায় শুধু কথামালার ফুলঝুরি ছড়ায়” মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপির সুবিধাবাদী চরিত্র এবং ক্ষমতালিপ্সা জনগণের কাছে এখন স্পষ্ট থেকে স্পষ্টতর।”
এমবি





