মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীকে অবিলম্বে মুক্তি প্রদান করে সুচিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে জামায়াত।

মঙ্গলবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে এ আহবান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী কারাগারে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ডায়াবেটিস, উচ্চরক্ত চাপ, হৃদরোগ, বাতের ব্যাথাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। তার এখন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা মুক্ত পরিবেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।’

মকবুল আহমদ আরও বলেন, ‘এই ধরনের চিকিৎসা কারারুদ্ধ অবস্থায় সম্ভব নয়। তাই তাকে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দেয়া প্রয়োজন।’

এসময় তিনি নিজামীকে অবিলম্বে মুক্তি দিয়ে সুচিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সেই সঙ্গে নিজামীর দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধও করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই