জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা।

শনিবার সকাল সাড়ে ৮টায় খিলগাঁওয়ের তালতলায় তারা এই বিক্ষোভ মিছিল করে।

মিছিলে নেতৃত্ব দেন শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত, মহানগর পূর্ব সেক্রেটারি এম শামীম, শিবির নেতা শরিফুল ইসলাম, তোজাম্মেল হক, সোহেল রানা মিঠু ও আবদুল কাদের প্রমুখ।

মিছিল শেষে এক সমাবেশে ইয়াছিন আরাফাত বলেন, বর্তমান আওয়ামী জালিম সরকার বাংলাদেশ থেকে ইসলাম ও ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে জুডিসিয়াল কিলিং করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশ থেকে ইসলাম মুছে ফেলার জন্য জামায়াত নিষিদ্ধের পায়তারা করছে।

আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই জামায়াত একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বারবার সংসদে প্রতিনিধিত্ব করেছে। যদি জামায়াত নিষিদ্ধে ষড়যন্ত্র অব্যহত থাকে তাহলে ইসলামী ছাত্রশিবির তার উচিত জবাব দেয়ার জন্য রাজপথে কঠিন এক দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারকে ক্ষমতার মসনদ থেকে চিরবিদায় করবে। ছাত্রশিবির আজ সরকারের সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রস্তুত।

কেএইচ