বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহা. রেজাউল করিম বলেছেন, ‘সরকার জামায়াতে ইসলামীকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

তারা একের পর জাতীয় নেতাদের হত্যা করে দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে। সে ষড়যন্ত্রের অংশ হিসাবেই সরকার আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু এই বরেণ্য আলেমে দ্বীনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই ইসলাম প্রিয় জনতা মেনে নেবে না।

তিনি সরকারকে ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ জামায়াত ও ছাত্রশিবিরের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় গণবিরোধী সরকারকে গণরোষের মুখোমুখি হতে হবে।’

আজ রাজধানীতে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত আমীর জামায়াত ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীসহ জামায়াত ও ছাত্রশিবিরের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে একথা বলেন নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি রেল গেইট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মগবাজার চৌরাস্তায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরী শুরা সদস্য সালাহউদ্দিন, ড. আহসান হাবিব, রমনা থানা জামায়াতের সেক্রেটারি আবু জিসাম, ছাত্রশিবির নেতা তারিক হাসান, জামায়াত নেতা আতাউর রহমান সরকার, ছাত্রনেতা শরিফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে ড. করিম বলেন, ‘আমীর জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী একজন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, সাবেক সফল মন্ত্রী । তিনি মন্ত্রী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশে-বিদেশে সুনাম এবং সুখ্যাতি অর্জন করেছেন। তিনি দুই দুইবার বিশাল ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সরকার তার সুনাম-সুখ্যাতি, যোগত্যা দক্ষতা, প্রজ্ঞা ও রাজনৈতিক দুরদর্শিতায় ঈর্শান্বিত হয়ে তার বিরুদ্ধে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দায়ের করে তাকে হত্যার ষড়যন্ত্র করছে।

মাওলানা নিজামীর বিরুদ্ধে সরকারের এটর্নী জেনারেল ‘মাওলানা নিজামীর আইনজীবী দোষ স্বীকার করে ফাঁসি থেকে রেহাই চেয়েছেন’ মর্মে মিথ্যাচার করেছেন।

মাওলানা নিজামীর আইনজীবীগণ এ মিথ্যাচারের তীব্র নিন্দা জানানো সত্ত্বেও সরকার পক্ষ অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের কোন ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না।’

একই দাবিতে রাজধানীর মিরপুর, উত্তরা, হাতিরপুলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এমকে