বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন।
বৃহস্পতিবার রাত ৯টায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সুনির্দিষ্ট কোন আলোচ্য সূচি না থাকলেও চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে দলীয়ভাবে নিজেদের সাংগঠনিক অবস্থা ও পরবর্তী আন্দোলন কর্মসূচির বিষয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আর এ গনি, ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এম কে আনোয়ার,  ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ, বেগম সারওয়ারী রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান,  প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১৯ জন। তবে খন্দকার দেলোয়ার হোসেন অনেক আগে মারা গেলেও তার স্থলে অন্য কাউকে নিয়োগ দেয়া হয়নি। এছাড়াও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন।
এম শামসুল ইসলাম দেশে থাকলেও তিনি  অসুস্থতার জন্য দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না এবং তরিকুল ইসলাম ঢাকার বাইরে অবস্থান করায় বৈঠকে যোগ দেননি।
অন্যদিকে দলটির আরেকজন প্রভাবশালী সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘ দিন ধরে কারাগারে আটক রয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৭ নভেম্বর সর্বশেষ দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
স্থায়ী কমিটির বৈঠকে আগে নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী আন্দোলনে আহত বিএনপি চেয়ারপারসনের নির্বাচনী এলাকা ফেনীর পরশুরাম উপজেলা থেকে আগত নেতাদের খোঁজ খবর নেন বিএনপি চেয়ারপারসন।  
এ সময় পশুরাম উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তালেব, পৌর যুবদল সাধারন সম্পাদক মোস্তফা খোকন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম ও আলমগীর হোসেন প্রমূখ নেতাকর্মীদের পরিবার ও শারিরিক অবস্থার খোঁজ খবর নেন।  
এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মো: শাহজাহান, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, সাবেক এমপি রেহানা আক্তার রানু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহনা আক্তার শানু, প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]