বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামে শনিবার সকালে দুর্বৃত্তদের বোমা হামলায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
পুলিশ জানায়, নিহতের নাম ইমান আলী (৩০)। তিনি ওই ইউনিয়নের শিবনাথপুর গ্রামের আনিস উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ইমান আলী বারোপোতা বাজারে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে তার মাথা ছিন্নভিন্ন হয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ভাই মোহাম্মদ মিজান জানান, সীমান্তের চোলাচালান ঘাট চালানো নিয়ে পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বদিয়ার রহমান ও আলাউদ্দিন আলার সঙ্গে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের বলি হলেন তার ভাই।
ইমান আলী বদিয়ার রহমান গ্রুপের সমর্থক ছিলেন বলে দাবি করেছেন মিজান।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বোমার আঘাতে ইমান আলী নিহত হওয়ার কথা স্বীকার করেছেন।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]